দেশের স্বাস্থ্যব্যবস্থায় রোগ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার। এর মধ্যে ৮০ শতাংশই নারী। এসব স্বাস্থ্যকর্মী মানুষের দোরগোড়ায় রোগ প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। শনিবার এ তথ্য জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাদের ৮০ শতাংশই নারী। তারা মানুষের কাছে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা ও স্বাস্থ্যসচেতনতার বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে দেশে রোগ প্রতিরোধমূলক কার্যক্রম যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন বিভিন্ন রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব। এই পরিস্থিতি পরিবর্তনে মানুষের কাছে রোগ প্রতিরোধের জ্ঞান পৌঁছে দেওয়া জরুরি। আর এ জন্য প্রয়োজন গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং মানুষের আস্থা অর্জন।
ডা. জুবাইদা আরও বলেন, গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটিই করে যাচ্ছে। গবেষণার মাধ্যমে স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সেগুলোর কার্যকর সমাধান খুঁজে বের করতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে।
তরুণ গবেষক ও কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কাজের গতি ধীর হওয়ায় তরুণ-তরুণীরা কখনো হতাশ হতে পারেন। তবে তাদের মনে রাখতে হবে, তাদের এই কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে। এ সময় আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের অভিনন্দন জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায়। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সরকারের লক্ষ্য এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, যেখানে রোগ হওয়ার আগেই তা প্রতিরোধ করা হবে এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য সরকার পাঁচটি অগ্রাধিকার নির্ধারণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় গবেষণা জোরদার করা, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা, ওষুধশিল্পে উদ্ভাবন ও জীবপ্রযুক্তির প্রসার, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো এবং স্বাস্থ্য গবেষণার জন্য টেকসই পরিবেশ তৈরি করা।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ, গবেষণা ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
