BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কাতার হয়ে দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ঈশ্বরদীর ৫০ যাত্রী!

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল বন্ধ হয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী অবশেষে বিকল্প পথে দেশে ফিরেছেন। নির্ধারিত সময়ে ফিরতে না পেরে দুই দিন অপেক্ষা, আবাসন সংকট ও অসুস্থতাসহ নানা ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। শেষ পর্যন্ত কাতার হয়ে দেশে ফেরার ব্যবস্থা হলেও প্রত্যেক যাত্রীকে অতিরিক্ত ২০ হাজার টাকা বিমানভাড়া গুনতে হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা। ওমরাহযাত্রীদের দলের মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, মঙ্গলবার তাঁদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। দুই দিন অপেক্ষার পর কাতার এয়ারলাইনসের ফ্লাইটে বিকল্প পথে দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

নির্ধারিত সময়ে দেশে ফিরতে না পারায় সৌদি আরবে থাকার ব্যবস্থাও তাঁদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। মোহাম্মদ রায়হান জানান, মঙ্গলবার পর্যন্ত তাঁদের আবাসনের ব্যবস্থা আগে থেকেই চুক্তিবদ্ধ ছিল। এরপর নতুন করে থাকার জায়গা ঠিক করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। নারী, শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই বিপাকে পড়েন। এ সময় কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করতে হয়।

ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর গ্রামের বাসিন্দা সাগর সরদার জানান, তিনি মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। কিন্তু বিমানবন্দরে হামলার ঘটনায় তাঁদের ফেরার পরিকল্পনা ভেস্তে যায়। পরে জনপ্রতি অতিরিক্ত ২০ হাজার টাকা খরচ করে দেশে ফেরার ব্যবস্থা করতে হয়।

ওমরাহযাত্রী জায়েদ আল-সামি জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় সৌদি আরবের মদিনা বিমানবন্দর থেকে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা যাত্রা শুরু করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশে পৌঁছান।

ঈশ্বরদীর সাঁড়া গোপালপুর বকশিরচকের শাহ্ পাড়ার বাসিন্দা ইসমাইল হোসেন শাহ্ জানান, ৫০ জনের ওই দলে ৭০ থেকে ৮০ বছর বয়সী কয়েকজন নারী-পুরুষ ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় দেশে থাকা স্বজনেরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন। সবাই নিরাপদে দেশে ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব জানান, সৌদি আরবে আটকে পড়া ওমরাহযাত্রীদের বিষয়ে পাবনা জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা নিরাপদে দেশে ফিরেছেন।

দীর্ঘ অপেক্ষা, অতিরিক্ত খরচ ও নানা অনিশ্চয়তা পেরিয়ে দেশে ফিরতে পেরে স্বস্তি পেয়েছেন ওমরাহযাত্রীরা। তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনে উৎকণ্ঠা কেটেছে পরিবারের সদস্যদেরও।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »