BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান!

দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জ জেলার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কিশোরগঞ্জ সদরসহ পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে পাকুন্দিয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী এই সফরে জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ, ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদানসহ বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

শপথ নেওয়ার পর কিশোরগঞ্জে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর। তার আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, সকালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় মৎস্যচাষিদের মধ্যে পোনা বিতরণ করবেন তিনি।

এরপর কটিয়াদী উপজেলায় গিয়ে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন এবং সেরা মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেবেন।

দুপুরের পর কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের হাতে সম্মানি ভাতা তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »