মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পাশের পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত সৃজয়ী দাস ওই গ্রামের শাওন দাসের একমাত্র কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে সৃজয়ী বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তার মা রান্নাঘরে এবং বাবা শাওন দাস বাথরুমে ছিলেন।
কিছু সময় পর বাবা বাথরুম থেকে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে পাশের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৃজয়ীকে মৃত ঘোষণা করেন।
মাত্র দুই বছর বয়সী শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। হৃদয়বিদারক এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
