নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় ছদ্মবেশে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ মো. রাসেল (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার (১৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পুলিশ লুঙ্গি পরে অটোরিকশাচালকের ছদ্মবেশ ধারণ করে সুকৌশলে অপরাধীর অবস্থান নিশ্চিত করে। পরে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার মৌসুমী আবাসিক এলাকা সংলগ্ন বেলালের কলোনিতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত রাসেল চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামালের বাড়ির বাসিন্দা মো. আনোয়ার হোসেন ও নাহিদা বেগমের ছেলে। বর্তমানে তিনি পাহাড়তলী থানাধীন সরাইপাড়া মৌসুমী আবাসিক এলাকার বেলালের কলোনিতে বসবাস করছিলেন।
এ ঘটনায় পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, এসআই মো. শফিকুল ইসলাম কর্মজীবনে খুলনা জেলার রূপসা থানা, কিসমত খুলনা পুলিশ ক্যাম্পসহ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রতিটি কর্মস্থলেই তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
