BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক নৌকা ভ্রমণ ও আনন্দ উৎসব

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:বর্ষায় নদীপথে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে অনুষ্ঠিত হয়ে গেল জৈনা বাজার ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক নৌকা ভ্রমণ ও আনন্দ উৎসব। সমিতির সভাপতি মো: মোজাম্মেল হকের সার্বিক ব্যবস্থাপনায় বিগত বছরগুলোর তুলনায় এবার ব্যতিক্রমী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

​গত শনিবার (২৯ আগস্ট) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহাসিক বরমী খেয়াঘাটে শীতলক্ষ্যা নদী থেকে সমিতির সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে ভ্রমণের সূচনা করেন। এর আগে সকাল সাড়ে ৭টায় জৈনা বাজার থেকে সদস্যরা বাসযোগে বরমী বাজারে এসে পৌঁছান।

​যাত্রার শুরুতে জৈনা বাজার ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মোজাম্মেল হক উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান। এরপর সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম ভ্রমণ, ফুটবল প্রীতি ম্যাচ ও র‌্যাফেল ড্রসহ দিনের সব আয়োজন সফল করতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

​নৌকা ভ্রমণের মূল গন্তব্য ছিল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর (মিনি কক্সবাজার)। পথিমধ্যে গান, কবিতা আবৃত্তি, মনখোলা আড্ডা এবং সুরের তালে তালে নাচ-গানে মেতে ওঠেন ব্যবসায়ীরা। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে নদীপথের এই আনন্দ আয়োজন সবাইকে এক অন্যরকম প্রফুল্লতা দেয়।

​দুপুর ১টায় পাকুন্দিয়ার মির্জাপুরে ব্রহ্মপুত্র নদের পাড়ে নৌকা নোঙর করা হয়। সেখানে নদের চরে ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থক সদস্যদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় আর্জেন্টিনা এক শূন্য গোলে জয়লাভ করে। অনেকে নদের স্বচ্ছ পানিতে সাঁতার কেটে আনন্দ উপভোগ করেন। খেলাধুলার পর সবাই মিলে মধ্যাহ্নভোজে অংশ নেন।

​খাওয়া-দাওয়া শেষে সদস্যরা মির্জাপুরের মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যঘেরা বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং দলবদ্ধ আলোকচিত্রে (ফটো সেশন) অংশ নেন। পরিদর্শন ও আনন্দ উৎসব শেষে বিকেলে পুনরায় রওয়ানা হয়ে দিনব্যাপী এই স্মরণীয় ভ্রমণের সমাপ্তি ঘটে।

​উক্ত নৌকা ভ্রমণ সফল করতে সমিতির সাবেক সভাপতি আব্দুল লতিফ, সিনিয়র সহ-সভাপতি মোঃ উজ্জ্বল মিঞা, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ শহিদউল্লাহ ও ক্রীড়া সম্পাদক মোঃ উবায়দুল ইসলাম সার্বিক ব্যবস্থাপনা ও দায়িত্ব পালন করেন। এ ছাড়া সমিতির তথ্য বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন বিশেষ ভূমিকা রাখেন এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা স্ব-স্ব অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »