BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জানুয়ারি-মার্চের মধ্যে পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: পানিসম্পদ মন্ত্রী

আগামী বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তার দাবি, এই মেগা প্রকল্প বাস্তবায়ন হলে দেশের ২৪টি জেলায় কৃষি, বিদ্যুৎ ও মৎস্য উৎপাদনসহ অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা ব্যারেজ নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলে কৃষি বিপ্লব ঘটবে। এর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও মাছের উৎপাদনও বাড়বে। প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিভিন্ন সুযোগ-সুবিধাও যুক্ত হবে।

তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধন করতে পারেন।

পদ্মা ব্যারেজকে একটি ‘প্রজেক্ট মাস্টারমাইন্ড’ মেগা প্রকল্প হিসেবে উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, এটি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের রূপান্তর ঘটবে। প্রকল্পটির মাধ্যমে ২৪টি জেলায় অর্থনৈতিক পরিবর্তন আসবে, কৃষি উৎপাদন বাড়বে, বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হবে এবং মাছের চাষ ও উৎপাদনও বৃদ্ধি পাবে।

এ্যানি আরও বলেন, প্রকল্পটির সঙ্গে আরও অনেক আধুনিক প্রযুক্তি যুক্ত হবে। ২০০৪ সাল থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় এই প্রকল্প নিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছিল। দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকল্পটি এগিয়ে এনে ২০২৬ সালে একনেকে অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রসঙ্গ তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প ছিল তারই অংশ। নির্বাচনি ইশতেহারে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং এখন প্রধানমন্ত্রীর হাত ধরে প্রকল্পটি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

এ জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং প্রকল্পের আওতাভুক্ত ২৪টি জেলার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »