জাপান সফরের অংশ হিসেবে দেশটির চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি এ পরিদর্শনে অংশ নেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
জাপানের চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত ‘নিটসু লজিস্টিকস হাব’ দেশটির লজিস্টিকস ও পণ্য পরিবহন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এ ধরনের লজিস্টিকস হাবের মাধ্যমে পণ্য গ্রহণ, সংরক্ষণ, বাছাই এবং বিভিন্ন গন্তব্যে সরবরাহের কার্যক্রম পরিচালিত হয়। আধুনিক পরিবহন ও সরবরাহব্যবস্থায় এসব স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধানমন্ত্রীর এ পরিদর্শনে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনকালে পররাষ্ট্রসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরে জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে আধুনিক লজিস্টিকস, পণ্য পরিবহন ও সরবরাহব্যবস্থাপনার মতো খাতে জাপানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক হতে পারে।
সূত্র: বাসস
