একসময় আটলান্টিক মহাসাগরের দ্রুততম যাত্রীবাহী জাহাজ হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি ছিল যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’-এর। টাইটানিকের চেয়েও বড় এই জাহাজে ভ্রমণ করেছেন বিশ্বের বহু বিখ্যাত ব্যক্তি। দীর্ঘ কর্মজীবন ও কয়েক দশকের অবহেলার পর অবশেষে জাহাজটির যাত্রা শেষ হলো সমুদ্রের গভীরে। তবে দুর্ঘটনায় নয়, পরিকল্পিতভাবে জাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়েছে। ফ্লোরিডার উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের তলদেশে এটিকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তর করা হয়েছে।
প্রায় এক হাজার ফুট বা ৩০২ মিটার দীর্ঘ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ যুক্তরাষ্ট্রের সামুদ্রিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ। ১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে নির্মিত এই জাহাজটি আকারে বিখ্যাত টাইটানিকের চেয়েও বড় ছিল। টাইটানিকের দৈর্ঘ্য ছিল ৮৮২ ফুট ৯ ইঞ্চি। অন্যদিকে, এসএস ইউনাইটেড স্টেটসের দৈর্ঘ্য প্রায় এক হাজার ফুট।
১৯৫২ সালে যাত্রা শুরু করে জাহাজটি। প্রথম যাত্রাতেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গড়ে তোলে অবিস্মরণীয় রেকর্ড। মাত্র ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক অতিক্রম করেছিল এটি। এ সময় জাহাজটির গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার বা ৩৫.৫৯ নটিক্যাল মাইল। যাত্রীবাহী জাহাজের ক্ষেত্রে আটলান্টিক পাড়ি দেওয়ার এই রেকর্ড এখনো অক্ষত রয়েছে।
শুধু গতি কিংবা বিশাল আকৃতিই নয়, বিশ্বখ্যাত ব্যক্তিদের যাতায়াতের কারণেও জাহাজটি বিশেষ পরিচিতি পেয়েছিল। যুক্তরাষ্ট্রের সাবেক চার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, ডোয়াইট আইজেনহাওয়ার, জন এফ কেনেডি ও বিল ক্লিনটনসহ হলিউডের জনপ্রিয় তারকা মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর, মার্লন ব্র্যান্ডো এবং বিখ্যাত চিত্রশিল্পী সালভাদর দালি এই জাহাজে ভ্রমণ করেছিলেন।
তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্রপথে যাত্রী পরিবহনের চাহিদা কমতে থাকে। ১৯৬৯ সালে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন বন্ধ করে দেওয়া হয় জাহাজটির। এরপর দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অচল অবস্থায় পড়ে ছিল এটি। একপর্যায়ে ফিলাডেলফিয়ার বন্দরে নোঙর করে রাখা জাহাজটির রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে।
দীর্ঘদিন ধরে জাহাজটি সংরক্ষণের চেষ্টা চালানো হলেও এর বিপুল রক্ষণাবেক্ষণ ব্যয় বড় বাধা হয়ে দাঁড়ায়। ২০২১ সালে বন্দর কর্তৃপক্ষ জাহাজটির দৈনিক নোঙর করার মাশুল বাড়িয়ে ১ হাজার ৭০০ ডলার নির্ধারণ করে। এতে জাহাজটির সংরক্ষণের দায়িত্বে থাকা অলাভজনক সংস্থা ‘এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেন্সি’ আর্থিক সংকটে পড়ে।
পরিস্থিতি বিবেচনায় ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি প্রায় ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। এরপর সেটিকে কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মাধ্যমে একদিকে ঐতিহাসিক জাহাজটির নতুন ব্যবহার নিশ্চিত করা, অন্যদিকে সামুদ্রিক জীববৈচিত্র্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
তবে সরাসরি জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়নি। সমুদ্রের পরিবেশের ক্ষতি এড়াতে প্রায় এক বছর ধরে চলে বিশেষ প্রস্তুতি। জাহাজের ভেতরে থাকা ক্ষতিকর ও দূষণ সৃষ্টিকারী উপাদান অপসারণ করে এটিকে পরিবেশবান্ধব করার কাজ করা হয়। সব প্রস্তুতি শেষে নিয়ন্ত্রিত পদ্ধতিতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জাহাজটিতে পানি প্রবেশ করানো হয়। একপর্যায়ে এটি ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের তলদেশে ডুবে যায়।
সমুদ্রের তলদেশে কোনো জাহাজ ডুবে গেলে সময়ের সঙ্গে সঙ্গে সেটি বিভিন্ন সামুদ্রিক প্রাণীর আবাসস্থলে পরিণত হতে পারে। জাহাজের কাঠামোর বিভিন্ন অংশে মাছ, শৈবাল ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর বসবাসের উপযোগী পরিবেশ তৈরি হয়। এভাবেই গড়ে ওঠে কৃত্রিম প্রবালপ্রাচীর।
বিশ্বের বিভিন্ন দেশে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পুরোনো জাহাজ, তেল উত্তোলনের অবকাঠামো, পাতালরেলের বগি, কংক্রিটের ঘনক ও বিশেষভাবে তৈরি কাঠামো ব্যবহার করে কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয়।
ইউনেসকোর তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে সমুদ্রের তলদেশে প্রায় ৩০ লাখের বেশি ডুবে থাকা জাহাজ রয়েছে। এর অনেকগুলোই সামুদ্রিক প্রাণীর আবাসস্থলে পরিণত হয়েছে।
বিশাল আকৃতির এসএস ইউনাইটেড স্টেটসকে ঘিরেও একই ধরনের প্রত্যাশা রয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, নতুন এই কৃত্রিম প্রবালপ্রাচীর সামুদ্রিক জীববৈচিত্র্য বৃদ্ধি, মাছের প্রজনন ও মৎস্যসম্পদের বিকাশে ভূমিকা রাখবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ডুবুরি ও পর্যটকদের জন্যও এটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারে।
একসময় আটলান্টিকের বুকে গতির প্রতীক হয়ে ছুটে চলা এসএস ইউনাইটেড স্টেটসের আর কোনো যাত্রী নিয়ে সমুদ্র পাড়ি দেওয়া হবে না। তবে এবার সমুদ্রের গভীরে নতুন এক পরিচয়ে জায়গা করে নিল ঐতিহাসিক এই জাহাজ। মানুষের যাতায়াতের বাহন থেকে সামুদ্রিক প্রাণীর আবাসস্থল—এভাবেই শেষ হলো জাহাজটির দীর্ঘ ইতিহাসের এক অধ্যায়, শুরু হলো নতুন এক অধ্যায়।
