BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

টিউবওয়েলের পানি নেওয়াকে কেন্দ্র করে প্রাণ গেল বৃদ্ধের!

কক্সবাজারের পেকুয়ায় টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে ইউসুফ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে টইটং ইউনিয়নের খুইন্যাভিটা এলাকায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে পরিবারের অভিযোগ। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইউসুফ আলী একই এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ‘মুন্সী মিয়া’ নামে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খুইন্যাভিটা এলাকার একটি টিউবওয়েল থেকে পানি নেওয়ার সময় কলসিতে হাত দেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর পরিবারের সঙ্গে প্রতিবেশীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতি ও মারধরে গড়ায়।

নিহতের স্ত্রী ছেনোয়ারা বেগমের অভিযোগ, তার পুত্রবধূ কলি আক্তার পাহাড়ের নিচের একটি টিউবওয়েল থেকে পানি আনতে গেলে প্রতিবেশী নুরুল কাদেরের মেয়ে ফাহিমা বাধা দেন এবং পানিভর্তি কলসিতে হাত দেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

তিনি জানান, বিষয়টি জানতে পেরে ইউসুফ আলী ঘটনাস্থলে গেলে নুরুল কাদের, তার ছেলে আকাশসহ পরিবারের কয়েকজন সদস্য তার ওপর হামলা চালান।

ছেনোয়ারা বেগমের দাবি, প্রথম দফার ঘটনার পর স্থানীয়রা বিষয়টি মীমাংসার উদ্যোগ নিলে ইউসুফ আলী তাতে সম্মতি দেন। পরে চিকিৎসার জন্য খুইন্যাভিটা স্টেশনের দিকে যাওয়ার সময় মোস্তাকের বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন আবারও তার ওপর হামলা চালান। এ সময় তাকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইউসুফ আলীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১টার দিকে ইউসুফ আলীর মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি পুলিশ জানতে পেরেছে। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »