BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

‘ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার’, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিশ্চিন্তে ও নিরাপদে দুর্গাপূজার উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ধর্মীয় পরিচয় যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আগমন করেন এবং ভক্তদের কল্যাণ সাধনের পাশাপাশি অশুভ শক্তির বিনাশ করেন। অশুভের বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব অনন্য তাৎপর্য লাভ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করবেন—এটাই দেশের দীর্ঘদিনের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। ধর্মীয় উৎসবের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশের বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।

সব ধর্মের মূল শিক্ষার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই অন্যতম মূল উপজীব্য। মানবতার কল্যাণও প্রতিটি ধর্মের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি অনুসরণের পাশাপাশি মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখা জরুরি। এর মধ্য দিয়েই সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ অটুট রাখা সম্ভব।

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট শাসনের অবসানের পর বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে শুরু হয়েছে দেশ পুনর্গঠনের ব্যাপক কর্মযজ্ঞ। দল-মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই সরকারের অঙ্গীকার বলে জানান তিনি।

বাংলাদেশের বহুমাত্রিক সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সমৃদ্ধ হওয়ার প্রত্যাশা জানিয়ে তারেক রহমান বলেন, ‘ধর্ম যার যার—রাষ্ট্র সবার। ধর্ম যার যার—নিরাপত্তা পাবার অধিকার সবার।’

হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁরা যেন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সারা দেশে নিশ্চিন্তে ও নিরাপদে দুর্গাপূজার উৎসব উদযাপন করেন। শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সনাতন ধর্মাবলম্বীদের আবারও দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

এর আগে শুক্রবার সকালে বিভিন্ন মন্দিরে কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার বিজয়া দশমীতে উৎসবের সমাপ্তি হওয়ার কথা রয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »