মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন। দেশটির কাউন্টি ক্লেয়ারের ডুনবেগে নিজের মালিকানাধীন গলফ কোর্সে আয়োজিত আইরিশ ওপেন গলফ টুর্নামেন্টে অংশ নিতেই তার এ সফর বলে জানিয়েছে হোয়াইট হাউস। সফরে সরকারি কর্মসূচির পাশাপাশি ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থও যুক্ত থাকায় বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুই দিনের সফরে আয়ারল্যান্ডে অবস্থান করবেন ট্রাম্প। সেখানে মার্কিন দূতাবাসের কর্মী ও ব্যবসায়ী কর্মকর্তাদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর ডুনবেগে অবস্থিত ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ লিংকস আয়ারল্যান্ডে’ আয়োজিত গলফ টুর্নামেন্টে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের আয়ারল্যান্ড সফরকে ঘিরে মূলত সরকারি দায়িত্ব ও পরিবারের ব্যবসায়িক স্বার্থের মধ্যে সম্ভাব্য সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়েছে। ট্রাম্পের দুই ছেলে বর্তমানে ট্রাম্প অর্গানাইজেশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন। ফলে প্রেসিডেন্ট হিসেবে সরকারি সফরের সময় পরিবারের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমও গুরুত্ব পাওয়ায় স্বার্থের সংঘাতের প্রশ্ন তুলছেন সমালোচকেরা।
আয়ারল্যান্ড সফরের ঠিক আগে ৯ ও ১০ সেপ্টেম্বর ডালাসে রিপাবলিকান পার্টির একটি জাতীয় সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণা জোরদার করতেই এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
ট্রাম্পের বিভিন্ন গলফ কোর্স তার সরকারি ও ব্যক্তিগত সফরসূচিতে নিয়মিতই গুরুত্ব পাচ্ছে। এর আগে আগস্টে নিউ জার্সির বেডমিনস্টারে তার গলফ কোর্সে ‘এলআইভি গলফ টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়।
এ ছাড়া দক্ষিণ ফ্লোরিডার ডোরালে ট্রাম্পের আরেকটি গলফ কোর্সে ২০২৮ সালের মার্চে ‘ক্যাডিলাক চ্যাম্পিয়নশিপ’ আয়োজনের কথা রয়েছে। স্কটল্যান্ডের টার্নবেরিতে অবস্থিত ট্রাম্পের গলফ কোর্সেও আবার ‘ব্রিটিশ ওপেন’ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে সেখানে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত নানা চ্যালেঞ্জ রয়েছে।
আয়ারল্যান্ড সফরের মাধ্যমে ট্রাম্পের সরকারি দায়িত্বের পাশাপাশি তার মালিকানাধীন গলফ ব্যবসার বিষয়টি আবারও আন্তর্জাতিক আলোচনায় আসতে পারে বলে মনে করা হচ্ছে।
