আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। উদ্বোধনের তারিখ নির্ধারণের পর কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা নিয়ে আয়োজিত এক সভার শুরুতে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আশা করা হচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের জন্য তাঁর সময় পাওয়া যাবে।

উদ্বোধনের সম্ভাব্য তারিখ সম্পর্কে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন এবং ২৯ অক্টোবর দেশে ফিরবেন। এরপর তাঁর সময়সূচি অনুযায়ী উদ্বোধনের তারিখ চূড়ান্ত করা হবে।
কক্সবাজার থেকে কোন কোন এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সভায় বিভিন্ন এয়ারলাইনসের কান্ট্রি হেডরা উপস্থিত রয়েছেন। তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাথমিকভাবে সম্ভাব্য আন্তর্জাতিক গন্তব্য নির্ধারণ করা হবে।
