BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নরসিংদীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

“আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’ এর উদ্যোগে নরসিংদীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় নরসিংদী জেলা প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ধর্মীয় প্রতিনিধি, বাউলশিল্পী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।  

সভায় ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আয়শা খাতুন ও শাহ সুফি পীরজাদা মোখলেসুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

মূল আলোচকের বক্তব্যে ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, বাংলাদেশ কোনো একক ধর্ম, বর্ণ বা গোষ্ঠীর নয়; এই দেশ সবার। ধর্ম, বর্ণ, জাতিগত পরিচয় কিংবা সামাজিক অবস্থান নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই ‘সবার জন্য বাংলাদেশ’ সংগঠনের মূল লক্ষ্য।  

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় অসহিষ্ণুতা, উগ্রতা এবং মাজার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার মতো ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা জরুরি।  

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে নীরবতা উগ্রবাদী শক্তিকে উৎসাহিত করতে পারে। তাই সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার ও নাগরিক স্বাধীনতা রক্ষায় সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। দেশের যেকোনো প্রান্তে কোনো ব্যক্তি কিংবা পরিবার বৈষম্য বা নির্যাতনের শিকার হলে দল-মত ও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অরাজনৈতিকভাবে তাদের পাশে দাঁড়াতে হবে।  

বক্তারা আরও বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা জরুরি। 'বিভাজন নয় ঐক্য, বিদ্বেষ নয় ভালোবাসা' এই চেতনাকে ধারণ করে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সামাজিক সংগঠন, সাংস্কৃতিক কর্মী, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।  

সমাজ থেকে উগ্রতা, বৈষম্য, বিভেদ ও বিদ্বেষ দূর করে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।  

সভায় সংগঠনের নেতৃবৃন্দ জানান, অসাম্প্রদায়িক চেতনা, নাগরিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিতে জেলা পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক মতবিনিময় কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত রাখা হবে।  

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সবার জন্য বাংলাদেশ এর নরসিংদী জেলা সমন্বয়ক গোলজার হোসাইন, নরসিংদী জেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি অহি ভূষণ চক্রবর্তী, নজরুল একাডেমী নরসিংদীর অধ্যক্ষ  মো: মতিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সর্ব ধর্ম যোগ মন্ডলী  জয়দেব বর্মণ, জেলা হেযবুত তওহীদ সভাপতি মো. মোকশেদ আলী  এবং আইনজীবী এড. আবু রায়হান  প্রমুখ।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »