বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ করে যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের জনগণের মধ্যে এই সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। এ কারণে দুই দেশের মধ্যে বিদ্যমান সামাজিক ও জনসম্পর্ককে কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে। এ সময় তিনি শিক্ষাক্ষেত্রসহ অন্যান্য খাতে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অন্যদিকে, টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সুসম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধন আরও সুদৃঢ় হবে।
সাক্ষাৎকালে মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের আরও দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
