BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

যমুনায় ডুব দিয়ে নদীকে ‘দূষণমুক্ত’ ঘোষণা বিজেপি এমপির!

ভারতের দিল্লিতে যমুনা নদীর দূষণ নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই নদীতে ডুব দিয়ে পানি পরিষ্কার বলে দাবি করেছেন বিজেপির সংসদ সদস্য মনোজ তিওয়ারি। এমনকি নদীর পানি হাতে তুলে পানও করেছেন তিনি। বিজেপি সরকারের উদ্যোগে গত দেড় বছরে যমুনার দূষণ প্রায় অর্ধেক কমেছে বলে দাবি করলেও পরিবেশগত তথ্য বলছে, নদীর কয়েকটি অংশে দূষণের মাত্রা এখনো নির্ধারিত সীমার অনেক ওপরে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিল্লির সোনিয়া বিহার ঘাটে যমুনা নদীতে ডুব দেন উত্তর-পূর্ব দিল্লির সংসদ সদস্য মনোজ তিওয়ারি। এ সময় নদীতে পরিযায়ী পাখির উপস্থিতিকে পানির মান উন্নত হওয়ার প্রমাণ হিসেবে তুলে ধরেন তিনি। তাঁর দাবি, নদীতে কুমিরের বসবাস থাকতে পারে, কারণ কুমির পরিষ্কার পানিতেই থাকে।

মনোজ তিওয়ারি আরও বলেন, যমুনার পানির মান এখন ছটপূজার জন্য ব্যবহারের উপযোগী। নদী পরিষ্কারে বিজেপি সরকারের উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি আগের আম আদমি পার্টির (এএপি) সরকারের সমালোচনা করেন তিনি।

এদিকে বিজেপির দিল্লি শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছে, তাদের সরকার দুই বছরে যমুনা পরিষ্কারে যে কাজ করেছে, কংগ্রেস ও এএপি ২৭ বছরেও তা করতে পারেনি। একই সঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে যমুনায় ডুব দেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছে দলটি।

এর জবাবে এএপির দিল্লি সভাপতি ও সাবেক মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, যমুনার পাল্লা থেকে ওয়াজিরাবাদ পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার অংশ সব সময়ই তুলনামূলক পরিষ্কার ছিল। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির প্রতিবেদন উল্লেখ করে তাঁর দাবি, এএপি সরকারের আমলে ওই অংশের পানির মান আরও ভালো ছিল।

পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে মনোজ তিওয়ারি ও দিল্লির পানিসম্পদমন্ত্রী প্রবেশ ভার্মাকে কালিন্দী কুঞ্জ ঘাটের পানি পান করার আমন্ত্রণ জানান তিনি।

পরিসংখ্যানে যমুনার দূষণের চিত্র

এনডিটিভির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দিল্লির বিভিন্ন এলাকায় যমুনা নদীর পানির দূষণের মাত্রায় বড় ধরনের পার্থক্য রয়েছে। নদীর পানিতে জৈব দূষণের মাত্রা পরিমাপের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হলো জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি। পানিতে থাকা জৈব বর্জ্য ভাঙতে অণুজীবের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়, তা দিয়ে এই সূচক নির্ধারণ করা হয়। সাধারণত বিওডির মাত্রা যত বেশি হয়, জৈব দূষণের পরিমাণও তত বেশি থাকে।

গোসলের উপযোগী পানির ক্ষেত্রে বিওডির গ্রহণযোগ্য মাত্রা প্রতি লিটারে ৩ মিলিগ্রাম বা তার কম। কিন্তু দিল্লির কয়েকটি পর্যবেক্ষণকেন্দ্রে এই মাত্রা নির্ধারিত সীমার অনেক ওপরে পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, দিল্লিতে প্রবেশের স্থানে পাল্লায় বিওডির মাত্রা প্রতি লিটারে ২ মিলিগ্রাম, যা গ্রহণযোগ্য সীমার মধ্যে রয়েছে। বিপরীতে আইএসবিটি সেতু এলাকায় এই মাত্রা বেড়ে ৩০ মিলিগ্রাম এবং আইটিও এলাকায় ১৮ মিলিগ্রামে পৌঁছেছে।

অর্থাৎ, যমুনার কোনো কোনো অংশে পানির মান তুলনামূলক ভালো থাকলেও দিল্লির অন্যান্য অংশে দূষণের মাত্রা এখনো উদ্বেগজনক। ফলে বিজেপি নেতার নদীতে ডুব দিয়ে পানি পরিষ্কারের দাবি এবং বাস্তব পরিবেশগত তথ্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »