BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে সড়কে ঝরলো ৪ প্রাণ!

রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

রোববার (১৬ আগস্ট) সকালে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করেন। পরে তাদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, হাসপাতালে নেওয়ার পর চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত দুজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।

নিহতরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)।

গুরুতর আহত জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫) বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙ্গামাটি কোতয়ালী থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -