রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার পর তারা ভোট দেন।
ভোটগ্রহণ শুরুর পর প্রথমে নিজের ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
পরে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময় বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
আজকের রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হবে এবং সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
