BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কড়াকড়ি, বসল আধুনিক নজরদারি প্রযুক্তি

সুনামগঞ্জ প্রতিনিধিদেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ সীমান্তের সুরক্ষা, সার্বভৌমত্ব রক্ষা এবং সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সিলেট সেক্টরের অধীন ৩টি ব্যাটালিয়ন সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করেছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

তিনি বলেন, সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। রাত্রিকালীন টহল জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রমও বাড়ানো হয়েছে।

সীমান্ত নজরদারি আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার পরিধি পর্যায়ক্রমে বাড়ানোর কাজ চলেছে। এ ছাড়া নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় নৌযান ও এটিভির (ATV) মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

চলতি বছরে সিলেট সেক্টরের অধীন ৩টি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিসহ ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর, ১১টি ফিউজ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশ ও পুশইন চেষ্টাকালে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।

এ ছাড়া বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবাসীর মধ্যে সচেতনতা বেড়েছে এবং সন্দেহজনক যেকোনো তৎপরতা সম্পর্কে তথ্য দিয়ে স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করেছেন। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ করেছে বিজিবি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তের শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের অধীন ব্যাটালিয়নগুলোর এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এর আগে সীমান্তবর্তী ৩০ জেলার পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নড়াইল, খুলনা, সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁয় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ, লালমনিরহাট, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ সীমান্তবর্তী জেলা। সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলোর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক অনলাইন বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিজিবির সঙ্গে সমন্বয় করে টহল ও তল্লাশি বাড়ানোর নির্দেশ দেন। পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি ঘিরে ডিসেম্বর পর্যন্ত নাশকতার ঝুঁকি থাকতে পারে। সেই সময় ধরে মাঠে প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »