BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ!

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সাংস্কৃতিক কূটনীতি জোরদার করতে পাঁচ দিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ সফরে দুই দেশের সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। পাশাপাশি স্পেনে একটি আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী।

রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউরোপের গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং বহুমাত্রিক সাংস্কৃতিক কূটনীতি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ সফর তাৎপর্যপূর্ণ। সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, পর্যটন খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

সফরের প্রথম পর্বে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শামা ওবায়েদ। ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করছে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

প্রদর্শনীর মূল লক্ষ্য হলো বাংলাদেশের উদ্যোক্তা ও রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, শীর্ষ আমদানিকারক এবং বিনিয়োগকারীদের সরাসরি ব্যবসায়িক যোগাযোগ তৈরি করা। এর মাধ্যমে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

স্পেনে কর্মসূচি শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। লন্ডনে তাঁর কর্মসূচিতে বাংলাদেশের শিল্প, ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা, নতুন অংশীদারত্ব গড়ে তোলা এবং দেশের বিকাশমান সৃজনশীল অর্থনীতির সম্ভাবনা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, নতুন সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণে সরকারের কৌশলগত অঙ্গীকারের অংশ হিসেবেই এ সফরের আয়োজন করা হয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »