BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

‘সবার জন্য বাংলাদেশ’ -এর আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতি সভা

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে ‘সবার জন্য বাংলাদেশ’ নামে অরাজনৈতিক ও অলাভজনক সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। হাজার বছরের সম্প্রীতির ঐতিহ্য রক্ষার প্রত্যয়ে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী, আইনজীবী, বিচারক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা ও পীর-মাশায়েখসহ সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিরা এ সংগঠনে যুক্ত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৩টায় রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সকল দল, পথ, ধর্ম-মতের প্রতিনিধিত্বকারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির আহ্বায়ক কমিটির গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরীর প্রস্তাবে ও সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ধর্মীয় নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমকে আহ্বায়ক নির্বাচিত করা হয়। কমিটির উপদেষ্টা পরিষদে থাকছেন বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, বিচারপতি এমদাদুল হক আজাদ, সারোয়ার ওয়াদুদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ প্রমুখ। পরবর্তীতে কমিটির সভা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।

ডা. মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম তার বক্তব্যে নিরপেক্ষতার নামে নিষ্ক্রীয় ভূমিকায় না থেকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ কেবল একটি ভূখণ্ডের নাম নয়- এটি বিভিন্ন জাতিসত্তা, ধর্ম, মত ও সংস্কৃতির দীর্ঘ সহাবস্থান, বৈচিত্র্য ও সম্প্রীতির এক সমৃদ্ধ উত্তরাধিকার। নানা দেশ ও জাতির মানুষের আগমন, বিভিন্ন ধর্ম-মতের বিকাশ এবং বহু সংস্কৃতির মেলবন্ধনেই গড়ে উঠেছে এই ভূখণ্ডের সমাজ-সংসার। যুগ থেকে যুগান্তরে ভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষ পাশাপাশি বসবাস করেছে, একে অপরের উৎসব-অনুষ্ঠান ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে আসছে। আজ আবহমান বাংলার সেই ঐতিহ্য চ্যালেঞ্জের সম্মুখীন। বৈশ্বিক উগ্রবাদের কালো ছায়া এসে পড়েছে এই লাল-সবুজের মানচিত্রের ওপরও। এর প্রভাবে শুধু উগ্রবাদ বা সহিংসতার বিস্তারই ঘটেনি, সমাজে নারী ও ভিন্নমতের মানুষের প্রতি বিদ্বেষপূর্ণ, সংকীর্ণ ও অসহিষ্ণু দৃষ্টিভঙ্গিও জায়গা করে নিয়েছে। ধর্মীয় হুজুগ তুলে হামলা ও অগ্নিসংযোগ চালানো হচ্ছে সুফি মাজার, দরগাহ ও খানকায়; এমনকি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ভাস্কর্য ও ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। উগ্রবাদী গোষ্ঠীর থাবা থেকে রেহাই পাচ্ছে না সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পকলা কিংবা গণমাধ্যম কার্যালয়ও।

সংগঠনের এই উদ্যোক্তা বলেন, “দক্ষিণ এশিয়ার সবচেয়ে অনিরাপদ শহরে পরিণত হয়েছে আমাদের রাজধানী ঢাকা। এখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে মানুষের নিরাপত্তা, স্বাধীন মতপ্রকাশের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা। প্রশ্নবিদ্ধ হচ্ছে আমাদের হাজার বছরের সম্প্রীতিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতিও। এই বাস্তবতায় আর নীরবতা নয়, নিরপেক্ষতার নামে নিষ্ক্রীয়তা নয়- এখন প্রয়োজন অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো।” -বলেন হোসাইন মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু, বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট সুমন কুমার রায়, ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, বাংলাদেশ পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম, শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, রাজশাহীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. বি এম শামসুল হক, বাংলাদেশ মানবাধিকার ফেডারেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান, সাবেক সেনা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত কর্নেল) কর্নেল আলাউদ্দিন, সাবেক নৌবাহিনী কর্মকর্তা (অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন) ক্যাপ্টেন এম এমদাদুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব কুমার ভট্টাচার্য, সাবেক সেনা কর্মকর্তা ও কন্ট্রোলগার্ড সিকিউরিটি এন্ড সার্ভিস লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তা মেজর এস এম হারুন অর রশিদ, এলিট ফোর্সের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর আমিন আহমেদ আফসারী, প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদের (কেন্দ্রীয় কমান্ড) চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিয়াউল কবির দুলু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সভাপতি ড. মো. শরিফুল ইসলাম, পটুয়াখালীর মির্জাগঞ্জের পীর সাহেব ও মোহাম্মাদীয়া দরবার শরীফের মুহতামিম হেকিম আলহাজ্ব মাওলানা মুফতি ফেরদাউস আহমদ (কুরাইশি), সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শাহ সুফী তৌহিদুল ইসলাম চিশতি-নিজামী, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা আনিসুর রহমান জাফরী, নারায়ণগঞ্জের তারাবোর পাক পাঞ্জাতন দরবারের মোঃ আকাজ উদ্দিন ফকির, শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফের প্রতিনিধি খলিফা আব্দুল হাকিম সুরেশ্বরী, সুফিবাদী প্রখ্যাত বাউল শিল্পী লতিফ সরকার, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ মোঃ পাগল মনির, সর্বধর্মীয় লেখক ফোরামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্ত ফ্রান্সিস রিবেরু, ক্যান্সার গবেষক এবং গণস্বাস্থ্য হোমিওর অধ্যক্ষ ডা. এস. এম সরওয়ার এবং দৈনিক শুভদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার সায়েদ ইসমাইল হোসেন জনি।

বক্তারা বলেন, ‘সবার জন্য বাংলাদেশ’ মানে এমন এক বাংলাদেশ, যেখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সকল ধর্মের, সকল দল-উপদলের মানুষ সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করবে। বাংলাদেশ কোনো একক ধর্ম, দল বা গোষ্ঠীর নয়- বাংলাদেশ প্রতিটি নাগরিকের, বাংলাদেশ সবার। বাংলাদেশের চেতনা ও প্রত্যয় ধারণ করে, দেশের যাবতীয় বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়ে প্রত্যেক মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা এবং ন্যায়, মানবাধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে ‘সবার জন্য বাংলাদেশ’ সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।

অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ শান্তির দলের চেয়ারম্যান সাবেক বিচারপতি আব্দুল্লাহ শহীদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রেসিডিয়াম সদস্য ডা. জয়দেব ভট্টাচার্য, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নজরুল হক প্রধান, মুসলিম লীগের সভাপতি এ্যাড. মহসিন হোসেন, তারেক রহমান যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ শফিউল বাদশা শিপন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক বাসুদেব ধর, বাংলাদেশ মসজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল বাশার, উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক, বাংলাদেশ ক্রিশ্চিয়ান মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মেজর বিজয়, হিন্দু-খ্রিস্টান ঐক্য পরিষদের আইন বিভাগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুশান্ত কুমার বসু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ইব্রাহিম মোল্লা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এডভোকেট গোলাম মুহাম্মদ চৌধুরী (আলাল), সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মনসুর রহমান, সিনিয়র অ্যাডভোকেট শওকতুল হক শওকত, জজ কোর্ট ও হাইকোর্টের এডভোকেট হাসান আলী, জজ কোর্টের এডভোকেট মোহাম্মদ জামাল হোসেন নয়ন, হাইকোর্টের এডভোকেট দেলোয়ার হোসেন, সাবেক উইং কমান্ডার আমিনুল ইসলাম, রেডিও তেহরানের সাবেক পরিচালক মাহফুজুর রহমান, জাতীয়তাবাদী প্রজন্ম দলের নারী সম্পাদিকা আসমা হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বহ্নি বেপারী, বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র সুজন কুমার মিস্ত্রি, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশনের সহকারী মহাসচিব সুফি আব্দুস সাত্তার ফারাজী, নূরে হক দরবার শরীফের পীরসাহেব এবং আধ্যাত্মিক গবেষক ও লেখক শাহসুফি আল্লামা হানিফ নূরী, কথাসাহিত্যিক মনি হায়দার, বটতলা সাংস্কৃতিক সংগঠনের আলী হায়দার, তীরন্দাজ নাট্যগোষ্ঠীর দীপক সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বিথি, ছায়ানটের শিল্পী লায়কা বশীর এবং বাউল শিল্পী ফকির আবুল সরকার।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »