BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে হেযবুত তওহীদের চট্টগ্রাম নারী বিভাগ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগীয় প্রধান রুফায়দাহ পন্নী। চট্টগ্রাম বিভাগীয় নারী সম্পাদক জোবেদা আক্তার বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হেযবুত তওহীদের নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, গণমাধ্যম সম্পাদক শারমিন সুলতানা চৈতি, কুমিল্লা অঞ্চলের নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রুফায়দাহ পন্নী বর্তমান সমাজে নারীর নিরাপত্তাহীনতা ও অধিকারহীনতার করুণ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “কুমিল্লায় গত ৯ মাসে ১১১ খুন, ১৩৯ ধর্ষণের ঘটনা ঘটেছে। যা গতবছরের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে। প্রায় প্রতিটি জেলারই একই চিত্র। সমাজে আজ কেউ নিরাপদ নয়। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা পর্যন্ত নিরাপদ নয়। আর একটি অনিরাপদ সমাজে সবচেয়ে বড় হুমকি থাকে নারীদের।

“আরবের জাহেলি যুগে নারীদের চরম অবমাননাকর পরিস্থিতি ছিল। ইসলাম সেই অন্ধকার থেকে নারীদের বের করে এনে সম্মান ও মর্যাদার আসনে আসীন করেছিল। ইসলাম সমাজে এমন নিরাপত্তা প্রতিষ্ঠা করেছিল যে, একজন নারীও একা শত শত মাইল পাড়ি দিত। তাকে নিজের সম্ভ্রম কিংবা সম্পদের নিরাপত্তার কথা ভাবতে হতো না।”

তিনি আরও বলেন, “প্রচলিত সকল ব্যবস্থা নারীদের নিরাপত্তা, অধিকার দিতে ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় আল্লাহর হুকুম অর্থাৎ তওহীদের ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজব্যবস্থাই নারীদের প্রকৃত মুক্তি দিতে পারে।”

হেযবুত তওহীদের নারী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ পরিবর্তনে রসুল (সা.) ও তাঁর সাহাবিরা যেভাবে সংগ্রাম করেছেন, বর্তমানের এই অন্ধকার যুগকে আলোকিত করতে হেযবুত তওহীদের নারী সদস্যদেরও সেই নারী সাহাবিদের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।”

উম্মে সালমা বারাকার সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা নারী সম্পাদকগণ বক্তব্য রাখেন। এর আগে সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। সকাল থেকেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নারী সদস্যদের স্বতঃস্ফূর্ত পদচারণায় অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। বক্তারা আলোচনার মাধ্যমে ইসলামি আদর্শের ভিত্তিতে একটি নিরাপদ, সুশৃঙ্খল সমাজ গড়ার আহ্বান জানান। সম্মেলনের শেষে উপস্থিত নারী সদস্যরা প্রকৃত ইসলাম প্রতিষ্ঠায় জীবন ও সম্পদ উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »