জ্বালানি তেলের দাম বাড়ার পর নতুন করে নির্ধারণ করা বাসভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সরকার নির্ধারিত হারের চেয়ে প্রতি কিলোমিটারে মাত্র ১ পয়সা বেশি ভাড়া নিলেও সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইন অনুযায়ী জরিমানার মুখেও পড়তে হবে পরিবহন মালিকদের।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসভাড়া বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, প্রচলিত আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালার হিসাব অনুযায়ী, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা বাড়ে। সে হিসাবে প্রতি লিটারে ২০ টাকা দাম বাড়ায় কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো যৌক্তিক ছিল।
তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক হারের চেয়েও কম, অর্থাৎ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে বলে জানান তিনি। মন্ত্রীর ভাষ্য, এই নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া বাড়ানো বা আদায় করা যাবে না। বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে। কেউ নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা নিলে প্রথমে আইন অনুযায়ী জরিমানা করা হবে এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পরিবহন আর রুট পারমিট পাবে না।

এদিকে বাসের পাশাপাশি ট্রেন ও লঞ্চের ভাড়া নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। তিনি জানান, রেল ও নৌপথের ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
রেলভাড়া প্রসঙ্গে নিজের অবস্থান জানিয়ে শেখ রবিউল আলম বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে ট্রেনের ভাড়া যেন কোনোভাবেই না বাড়ে, সরকারের পক্ষ থেকে সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এর আগে মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে নতুন বাসভাড়ার তথ্য জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
তিনি জানান, পুনর্নির্ধারিত হারে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া হবে ২ টাকা ৪০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৭০ পয়সা।
