বিদেশি দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে যাচ্ছে ডেনমার্ক। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন একটি অভিবাসন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ইউরোপের দেশটি। এর আওতায় নির্দিষ্ট ১৬টি দেশের নাগরিকরা তুলনামূলক সহজ শর্তে ডেনমার্কে গিয়ে কাজের সুযোগ পাবেন। নতুন ব্যবস্থায় কর্মীদের ন্যূনতম বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২২ হাজার ডেনিশ ক্রোন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ লাখ টাকা।
অভিবাসন বিষয়ক পরামর্শক সংস্থা ‘ফ্রেগোমেন’-এর তথ্য অনুযায়ী, বৈশ্বিক পেশাদারদের ডেনমার্কে কাজ ও ক্যারিয়ার গড়ার সুযোগ আরও সহজ করতে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় নির্দিষ্ট দেশগুলোর নাগরিকদের ডেনমার্কের স্থানীয় প্রতিষ্ঠানগুলো নিয়োগ দিতে পারবে।
তবে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে ডেনমার্কের প্রতিষ্ঠানগুলোকেও কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অন্তত দুই বছর ধরে ডেনমার্কে ব্যবসা পরিচালনা করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ জন পূর্ণকালীন কর্মী থাকতে হবে এবং স্থানীয় শ্রম আইন অনুযায়ী যৌথ চুক্তি মেনে চলতে হবে।
এসব শর্ত পূরণকারী প্রতিষ্ঠান ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষের কাছ থেকে সনদপত্র নিয়ে বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে পারবে। এর ফলে ডেনমার্কের প্রতিষ্ঠানগুলোর জন্য আন্তর্জাতিক দক্ষ কর্মী নিয়োগের প্রক্রিয়া আগের তুলনায় আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
নতুন এই ব্যবস্থার আওতায় যে ১৬টি দেশের নাগরিকরা কাজের সুযোগ পাবেন, সেগুলো হলো—ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, জাপান, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, আলবেনিয়া, মলদোভা, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া ও সিঙ্গাপুর।
নতুন নিয়মে নিয়োগপ্রাপ্ত কর্মীদের ন্যূনতম বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২২ হাজার ডেনিশ ক্রোন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৭ লাখ টাকা। ডেনমার্কে প্রচলিত অন্যান্য কর্মসংস্থানভিত্তিক ওয়ার্ক পারমিটের তুলনায় এই বেতনসীমা তুলনামূলক কম।
ফলে নতুন ব্যবস্থায় ডেনমার্কের নিয়োগকর্তাদের জন্য বিদেশি কর্মী নিয়োগের সুযোগ বাড়বে এবং আন্তর্জাতিক পেশাদারদের জন্য দেশটিতে চাকরির পথও আরও সহজ হতে পারে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, বর্তমানে প্রকাশিত ১৬টি দেশের তালিকায় বাংলাদেশ নেই। ফলে নতুন এই ব্যবস্থার আওতায় বাংলাদেশি নাগরিকরা সরাসরি এই বিশেষ সুবিধা পাবেন না।
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন অভিবাসন ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি
