BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

অপ্রতিম হত্যায় আসামিদের জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য!

দামি আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেয় অপ্রতিম। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের ভারী লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করে আইফোনটি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় অভিযুক্তরা।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তে গ্রেপ্তার তিন আসামির জবানবন্দির ভিত্তিতে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

গ্রেপ্তার তিন আসামি হলেন তুহিন, ফাহাদ ও কামরুল। এ ঘটনায় জড়িত সন্দেহে সিয়াম নামে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সুপার জানান, অপ্রতিম নিখোঁজের ঘটনায় করা সাধারণ ডায়েরির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ১৮ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টা থেকে সোয়া ২টার মধ্যে তুহিন অপ্রতিমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন বনের দিকে যায়। অপ্রতিমের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে পাওয়ার আগেই প্রযুক্তির সহায়তায় তুহিনকে নজরদারিতে এনে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তুহিন স্বীকার করে, অপ্রতিমের আইফোনটি নেওয়ার উদ্দেশ্যেই তাকে কৌশলে ওই নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। এ পরিকল্পনায় ফাহাদ ও কামরুলও জড়িত ছিল। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাহাদকে এবং পরে তার দেওয়া তথ্যে কামরুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সানন্দা এলাকার গহিন জঙ্গলে অপ্রতিমের ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। অপ্রতিম বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের ভারী লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত করে তারা আইফোনটি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

ফোন উদ্ধারের বিষয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তুহিন প্রথমে তদন্ত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। তার দেওয়া তথ্য অনুযায়ী তিনটি ভিন্ন স্থানে অভিযান চালিয়েও ফোনটি পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে সত্য স্বীকার করলে তার নিজ বাড়ি থেকেই অপ্রতিমের আইফোনটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের প্রধান তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা কারও মদত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে আলোচিত রামিসা হত্যা মামলার মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে বিশেষ আবেদন জানানো হবে বলে জানান পুলিশ সুপার।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »