ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয়ী হলে দেশটিতে জ্বালানি তেলের দাম দ্রুত কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম ৩ ডলারে নেমে আসবে এবং পরে তা ২ ডলারের নিচেও চলে যেতে পারে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন বলে জানিয়েছে আল জাজিরা।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের পাম্পে জ্বালানি তেলের দাম দ্রুত কমতে শুরু করবে। একপর্যায়ে প্রতি গ্যালনের দাম ৩ ডলারে নেমে আসবে এবং পরবর্তী সময়ে তা ২ ডলারের নিচে চলে যেতে পারে। এক গ্যালনে প্রায় ৩ দশমিক ৭৮৫ লিটার জ্বালানি থাকে।
একই পোস্টে ট্রাম্প আবারও দাবি করেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির বাজারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। সম্প্রতি দেশটিতে ডিজেলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
যুক্তরাষ্ট্রে ট্রাক, ট্রেন, নৌযান ও বাসসহ বিভিন্ন বাণিজ্যিক যানবাহনের পাশাপাশি কৃষি ও নির্মাণ খাতে ব্যাপকভাবে ডিজেল ব্যবহার করা হয়। ফলে ডিজেলের দাম বাড়ায় পরিবহন ও উৎপাদন ব্যয়ও বেড়ে যাচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৫ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে। এক বছর আগে একই সময়ে এই দাম ছিল ৩ দশমিক ৭১ ডলার।
ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই পাইকারি বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জ্বালানির বাজারে যে মূল্যবৃদ্ধি দেখা গিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তা ছাড়িয়ে যাওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে মার্কিন নাগরিকদের ওপর চাপ কমাতে তেলের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়ে আসছেন ট্রাম্প। সংকট মোকাবিলায় ভেনেজুয়েলার সঙ্গেও বড় ধরনের তেল চুক্তির ঘোষণা দিয়েছেন তিনি।
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার দুই দেশের মধ্যে একটি নতুন চুক্তি সই হয়েছে। এর আওতায় ১৭টি কৌশলগত তেলক্ষেত্রের উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এসব তেলক্ষেত্রে প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের মজুত রয়েছে বলে দাবি করা হয়েছে। প্রকল্পটিতে ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
