BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগ, শিশুসহ নিহত ৫, আহত ৬৩

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। তেহরানের দাবি, বুধবার ভোরে বান্দার কুহেস্তাক শহরের একটি আবাসিক ভবনে হামলার পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ বিয়ের অনুষ্ঠানে আঘাত হানে। এতে শিশুসহ অন্তত পাঁচজন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।বুধবার (২ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। 

ইরানের রেড ক্রিসেন্টের বিবৃতি অনুযায়ী, সিরিক কাউন্টির বান্দার কুহেস্তাক শহরের একটি আবাসিক ভবনে বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই সময় সেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলার পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ ভবনটিতে আঘাত করলে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, বুধবার ভোরে কুহেস্তাক শহরের ওই আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিও অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর জানিয়েছে।

সিরিক কাউন্টির গভর্নর রেজা শহিদিয়ান রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে জানান, হামলায় ৬৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫০ জন নারী ও শিশু। আহতদের মিনাব শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

ঘটনার পর ইরানের সরকারি একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসাবশেষ ও ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। ভিডিওতে আহতদের আর্তচিৎকার শোনা যাওয়ার দাবিও করা হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশুর বক্তব্য প্রকাশ করেছে। ওই শিশুর ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এরপর ধ্বংসাবশেষের আঘাতে অনেকে আহত হন।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের সামরিক স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সম্পদ, মাইন স্থাপনের সক্ষমতা ও যোগাযোগকেন্দ্রে নতুন করে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলার চেষ্টার জবাবে এসব অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী।

অন্যদিকে, সিরিকের হামলার জবাব দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, বুধবার ভোরে জর্ডানের আকাবায় মার্কিন মেরিন ঘাঁটি ক্যাম্প টিটিনে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসি দাবি করেছে, সিরিকের বিয়ের অনুষ্ঠানে হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়।

এছাড়া জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্বার্থকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে ১০টি ধ্বংস করা হয়েছে এবং বাকি তিনটি জনবসতি থেকে দূরের এলাকায় গিয়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জর্ডান।

বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। একদিকে ইরান বেসামরিক হতাহতের অভিযোগ তুলেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযানকে ইরানের সামরিক সক্ষমতা ও হরমুজ প্রণালিতে মার্কিন স্বার্থের ওপর হুমকির জবাব হিসেবে ব্যাখ্যা করেছে। ফলে সাম্প্রতিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -