BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কুমির এড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনা, ফ্লোরিডায় তরুণীর মর্মান্তিক মৃত্যু!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মহাসড়কে উঠে আসা একটি কুমিরকে এড়াতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০ বছর বয়সী ক্যাসি টেইলর। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো—দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরই স্থানীয় শেরিফ অফিসে বেসামরিক সংশোধন সহকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার কথা ছিল তার।

রোববার মধ্যরাতের কিছুক্ষণ আগে ফ্লোরিডার টাইটাসভিলের কাছে আই-৯৫ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল (এফএইচপি) জানায়, ৫৮ বছর বয়সী এক কানাডীয় নাগরিক মার্সিডিজ গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ মহাসড়কের ওপর থাকা একটি কুমিরকে ধাক্কা দেন। ওই গাড়িটির ঠিক পেছনেই টয়োটা টাকোমা পিকআপ নিয়ে আসছিলেন ক্যাসি টেইলর।

সামনে দুর্ঘটনার কবলে পড়া মার্সিডিজ গাড়িটিকে এড়াতে গিয়ে ক্যাসি তার পিকআপের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে গাড়িটি মহাসড়কের ওপর উল্টে যায়।

তদন্তকারীরা জানান, দুর্ঘটনার সময় ক্যাসি সিটবেল্ট পরা ছিলেন না। ফলে পিকআপটি উল্টে যাওয়ার সময় তিনি গাড়ি থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান।

এরপর সড়কে আহত অবস্থায় পড়ে থাকা ক্যাসিকে পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই দুর্ঘটনায় মহাসড়কে উঠে আসা কুমিরটিরও মৃত্যু হয়েছে।

এদিকে মার্সিডিজ গাড়ির চালক দুর্ঘটনায় অক্ষত ছিলেন এবং ঘটনাস্থলেই অবস্থান করেন। তবে ক্যাসিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া গাড়িটির চালককে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

পালিয়ে যাওয়া গাড়ি ও চালককে শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল। দুর্ঘটনার পুরো ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ক্যাসি টেইলর ছিলেন ইন্ডিয়ান রিভার কাউন্টি শেরিফ অফিসের ডেপুটি স্কট বার্কের মেয়ে। শেরিফ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র এক মাসের কিছু বেশি সময় আগে তিনি তাদের দলে যোগ দিয়েছিলেন।

নতুন কর্মজীবনের শুরুতেই এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার সহকর্মী, বন্ধু ও স্বজনদের মধ্যে।

সহকর্মীরা ক্যাসিকে ‘বিশুদ্ধ হৃদয়ের অধিকারী’ এবং একজন চমৎকার তরুণী হিসেবে স্মরণ করছেন। যে দায়িত্ব পালনের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, আনুষ্ঠানিকভাবে সেই শপথ নেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই সড়ক দুর্ঘটনায় তার জীবন থেমে গেল।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »