ছাব্বির সরদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে ৩ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর থানাধীন বেদগ্রাম মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার গোপালগঞ্জ মো. হাবীবুল্লাহর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে কোটালীপাড়াগামী একটি বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের যাত্রীবেশে থাকা চারজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোসা. আয়েশা (৪০), নেয়ামত হাজরা (৩২), মো. শরীফ মিয়া (২৫) ও আরিফ খলিফা (৩৮)। তাদের কাছ থেকে মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
