BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

চার মাসের অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের ওষুধ!

বমি ও শারীরিক দুর্বলতার চিকিৎসা নিতে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গর্ভপাতের ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। ওষুধ খাওয়ার পর ওই নারীর পেট শক্ত হয়ে আসাসহ বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় অনাগত সন্তান নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

বুধবার (১৯ আগস্ট) রাত ১২টার দিকে হাসপাতালের প্রসূতি বিভাগে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা।

জানা গেছে, ১৮ আগস্ট বমি ও শারীরিক দুর্বলতার কারণে ওই নারীকে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গাইনি চিকিৎসক ডা. রেহানা ফেরদৌসের পরামর্শে তাকে ভর্তি করা হয়। পরে রাতে গাইনি বিভাগের রেজিস্ট্রার ডা. মো. শাহরিয়ার হক সুমন রোগীকে দেখে ব্যবস্থাপত্র দেন।

রোগীর স্বামী মামুন হোসেনের অভিযোগ, ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ানোর কিছুক্ষণ পর তার স্ত্রী পেট শক্ত হয়ে আসার কথা জানান। বিষয়টি চিকিৎসককে জানালে তাকে বলা হয়, গর্ভের মৃত সন্তান অপসারণের জন্য ব্যবহৃত ওষুধ দেওয়া হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. রেহানা ফেরদৌস বলেন, রোগীকে যে ওষুধ দেওয়া হয়েছে, সেটি গর্ভের মৃত সন্তান অপসারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেন ওই রোগীকে ওষুধটি দেওয়া হয়েছে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তার দাবি, ওষুধটি খাওয়ার কারণে গর্ভের জীবিত সন্তানের ক্ষতি হয় না এবং ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ময়ল কৃষ্ণ বড়াল জানান, বৃহস্পতিবার সকালে হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করা হলে গর্ভের সন্তান ভালো আছে বলে জানা গেছে। তবে রোগীর স্বজনরা বাইরে থেকেও আল্ট্রাসনোগ্রাম করাতে চেয়েছেন।

বরিশাল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মুন্সী মুনিবুল হক বলেন, বিষয়টি তিনি বৃহস্পতিবার বিকেলে জানতে পেরেছেন। রোগীকে সাইটোমিক ২০০ মিলিগ্রাম ট্যাবলেট দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে ভুল চিকিৎসার অভিযোগ থাকায় বিষয়টি তদন্ত করে দেখা হবে।

তিনি জানান, আগামী শনিবার হাসপাতাল পরিদর্শন করে ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়া হবে। তদন্ত কমিটি গঠন করে কারও অবহেলা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »