BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

চার দশকের বেশি সময় পর জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে আবারও জিয়া পরিবারের কোনো সদস্যের উপস্থিতি হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেবেন। এর মধ্য দিয়ে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর জাতিসংঘের এই মঞ্চে বক্তব্য দেওয়া পরিবারের তৃতীয় সদস্য হবেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ দেওয়ার সূচি রয়েছে। এবারের ভাষণে জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি, আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধান এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

জিয়া পরিবারের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের এই সম্পর্কের শুরু ১৯৮০ সালে। ওই বছরের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতিসংঘের সরকারি নথি অনুযায়ী, তার বক্তব্যে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়গুলো উঠে আসে।

এর ১৩ বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন খালেদা জিয়া। পরবর্তী সময়েও তিনি জাতিসংঘের বিভিন্ন সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট কার্যক্রমে বক্তব্য দেন। এর মধ্যে ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক সভা, ২০০২ সালে শিশুবিষয়ক বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে ৬০তম অধিবেশনের দুটি সভা উল্লেখযোগ্য। বিভিন্ন প্রতিবেদনে জাতিসংঘের নথির ভিত্তিতে বলা হয়েছে, ১৯৯৩ থেকে ২০০৫ সালের মধ্যে তিনি মোট পাঁচবার সাধারণ পরিষদের কার্যক্রমে বক্তব্য দেন।

এবার একই আন্তর্জাতিক মঞ্চে প্রথমবারের মতো বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, তার ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে বলেও জানিয়েছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এতে গণতান্ত্রিক রূপান্তর, ভবিষ্যৎ উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। পাশাপাশি দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের বিষয়ও আলোচনায় থাকবে। সফরে রোহিঙ্গা সংকটকেও গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে রাখা হয়েছে।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্য আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে।

ফলে ১৯৮০ সালে জিয়াউর রহমানের ভাষণের মধ্য দিয়ে শুরু হওয়া এবং ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত খালেদা জিয়ার অংশগ্রহণে অব্যাহত থাকা জিয়া পরিবারের জাতিসংঘ সাধারণ পরিষদের সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতায় এবার যুক্ত হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম ভাষণ।

সূত্র: বাসস

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -