BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ট্রাম্প-ভ্যান্সের পদত্যাগ দাবি, বিরল সামরিক আইনে শাস্তির মুখে মার্কিন সেনা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পদ থেকে সরিয়ে দেওয়ার প্রকাশ্য দাবি জানানোয় সামরিক আইনে গুরুতর অভিযোগের মুখে পড়েছেন দেশটির বিমানবাহিনীর মেজর জেসন ওয়াটসন। তার বিরুদ্ধে এমন একটি বিরল সামরিক আইন প্রয়োগ করা হচ্ছে, যা সামরিক বাহিনীর সদস্যদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও কংগ্রেসের বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহারের বিষয়টি নিষিদ্ধ করে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের অভিশংসন ও অপসারণের প্রকাশ্য দাবি জানানোর ঘটনায় মেজর জেসন ওয়াটসনের বিরুদ্ধে সামরিক বিচার ব্যবস্থার আওতায় অভিযোগ আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

ওয়াটসনের বিরুদ্ধে ইউনিফর্ম কোড অব মিলিটারি জাস্টিসের (ইউসিএমজে) তিনটি ধারায় অভিযোগ আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে বহুল আলোচিত কিন্তু খুব কম ব্যবহৃত ‘আর্টিকেল ৮৮’। এই ধারায় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও কংগ্রেসের বিরুদ্ধে সামরিক সদস্যদের অবমাননাকর ভাষা ব্যবহারের বিষয়টি নিষিদ্ধ করা হয়েছে।

গত জুলাইয়ে ইউনিফর্ম পরিহিত অবস্থায় মার্কিন ক্যাপিটালের সিঁড়িতে একটি প্রতিবাদ সমাবেশে অংশ নেন মেজর ওয়াটসন। সেখানে ট্রাম্প ও ভ্যান্সকে তাদের পদ থেকে অপসারণের দাবি সংবলিত একটি প্ল্যাকার্ড হাতে দেখা যায় তাকে।

‘রিমুভাল কোয়ালিশন’ নামের একটি অধিকারকর্মী সংগঠন ওই সমাবেশের আয়োজন করেছিল। সমাবেশ চলাকালে পুলিশ ওয়াটসনকে আটক করে। সংগঠনটির পক্ষ থেকে তখন দাবি করা হয়, ট্রাম্পের অভিশংসন ও অপসারণের দাবি জানানো তিনিই প্রথম সক্রিয় সামরিক সদস্য।

সমাবেশে কয়েকজন মার্কিন আইনপ্রণেতাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এর আগে চলতি মাসের শুরুতে সিএনএনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্পকে অপসারণের দাবি জানান ওয়াটসন।

ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ব্যর্থ হয়েছেন এবং তিনি সংবিধান লঙ্ঘন ও আইন ভঙ্গ করছেন। পাশাপাশি দুর্নীতি এবং মার্কিন নাগরিকদের হত্যার মতো গুরুতর অভিযোগও তোলেন এই সামরিক কর্মকর্তা।

ওয়াটসনের ভাষ্য, প্রেসিডেন্টের কর্মকাণ্ডকে তিনি স্বাভাবিক মনে করেন না এবং এ পরিস্থিতি তার কাছে অগ্রহণযোগ্য।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

মেজর জেসন ওয়াটসনের আইনজীবী ক্রিস্টোফার মুটিমার বলেন, নিজের ক্যারিয়ার ও স্বাধীনতার ঝুঁকি সম্পর্কে জেনেই ওয়াটসন প্রকাশ্যে নিজের অবস্থান জানিয়েছেন।

তিনি বলেন, যারা নিজেদের ক্ষমতাহীন মনে করছেন, ওয়াটসনের কথা বলার সাহস এবং নিজের বিশ্বাসের পক্ষে দাঁড়ানোর অবস্থান থেকে তারা অনুপ্রেরণা পেতে পারেন।

মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, ওয়াটসনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তাকে বিচারপূর্ব আটক রাখা হবে এবং সামরিক আইনের আওতায় চলমান প্রক্রিয়ায় তার যথাযথ আইনি অধিকার নিশ্চিত করা হবে।

সামরিক বাহিনীর একজন সক্রিয় সদস্য হিসেবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে এমন অবস্থান নেওয়া এবং এর জেরে বিরল সামরিক আইনে অভিযোগের মুখোমুখি হওয়ায় ঘটনাটি যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »