BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

তাহসিফের মৃত্যু: দীপের বক্তব্যে আশ্বস্ত নয় পিবিআই, ধাওয়ার দাবি মানছেন না বাবা!

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে। ঘটনার রাতে ধাওয়া খেয়ে তাহসিফের তুরাগ নদে ঝাঁপ দেওয়ার দাবি করেছেন তার বন্ধু হিসেবে পরিচিত শাহরিয়ার রেজা দীপ। তবে দীপের দেওয়া বক্তব্যে এখনো পুরোপুরি আশ্বস্ত হতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অন্যদিকে, ছেলেকে ধাওয়া দেওয়ার এই দাবি সরাসরি নাকচ করেছেন তাহসিফের বাবা।

শুক্রবার (৩০ অক্টোবর) দীপকে সঙ্গে নিয়ে তুরাগ নদসংলগ্ন বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই। এ সময় টঙ্গীর তুরাগ নদীর ২৯ নম্বর সীমানা পিলার এলাকার মাঠে ঘটনার রাতের বিবরণ দেন দীপ।

দীপের দাবি, গত ২৭ অক্টোবর রাতে তাহসিফকে নিয়ে তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় অবস্থান করছিলেন তিনি। এ সময় কয়েকজন লোক তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে তাহসিফ দৌড়ে নদীর দিকে চলে যান। আর দীপ বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের পেছনে লুকিয়ে পড়েন। পরে পরিস্থিতি বুঝে সেখান থেকে হেঁটে চলে যান এবং রাত আড়াইটার দিকে বাসায় ফেরেন। দীপের দাবি, যারা তাদের ধাওয়া করেছিল, তাদের মধ্যে দুজনের পরনে ইউনিফর্ম ছিল।

পিবিআইয়ের এক তদন্ত কর্মকর্তা জানান, দীপের দেওয়া তথ্য অনুযায়ী তারা ঘটনাস্থলসহ তাহসিফের সঙ্গে তার যাতায়াত করা বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। তবে দীপের বক্তব্য এখনো পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। মামলার অন্যান্য দিক বিবেচনায় নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

পিবিআই মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান জানান, দীপের দেওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাহসিফ সেখানে কেন গিয়েছিলেন, তাকে কেউ হত্যা করেছে কি না, নাকি এটি দুর্ঘটনা অথবা আত্মহত্যা—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানানো হবে।

এদিকে, দীপের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছেন তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম। তার প্রশ্ন, কেন বা কারা তার ছেলেকে ধাওয়া দেবে? তিনি বলেন, তাহসিফ সাঁতার জানতেন এবং পাইলট হিসেবে প্রশিক্ষণের অংশ হিসেবে সাঁতারের ওপর বিশেষ কোর্স ও সনদও ছিল তার। তাই ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার বিষয়টি তিনি বিশ্বাস করছেন না।

তাহসিফের মৃত্যুর ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তার বাবা। তার মতে, ছেলেকে ধাওয়া দেওয়ার মতো কোনো কারণ ছিল না।

অন্যদিকে, তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। নদ থেকে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়। এটি তাহসিফের কি না, তা যাচাই করছে তদন্তকারী সংস্থা।

স্থানীয় এক চায়ের দোকানি জানান, মোটরসাইকেলটি গত দুই দিন ধরে তার দোকানের কাছাকাছি সড়কে পড়ে ছিল। পরে পুলিশ এসে সেটি নিয়ে যায়। পিবিআই জানিয়েছে, দীপের দেখানো তথ্যের ভিত্তিতেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নম্বরপ্লেট না থাকায় এর মালিকানা যাচাই চলছে। সিসিটিভি ফুটেজেও তাহসিফকে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হতে দেখা গেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে মাকে ভয়েস মেসেজ পাঠিয়ে বাসায় ফেরার কথা জানিয়েছিলেন তিনি। তবে এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। পরদিন বুধবার বিকেলে উত্তরখান থানার রাজবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

নিখোঁজ হওয়ার আগে একটি সিসিটিভি ফুটেজে তাহসিফকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে শাহরিয়ার রেজা দীপ হিসেবে শনাক্ত করেন। পরে তাহসিফের মৃত্যুর ঘটনার তদন্তে দীপকে হেফাজতে নেয় পিবিআই।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »