BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দিল্লিতে বহুতল ভবন ধস, আটকা পড়েছেন অনেকে!

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়েছে। ভবনটি পেয়িং গেস্ট হিসেবে ব্যবহৃত হতো। ধসে পড়ার সময় ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত অন্তত চারজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা দেড়টার দিকে হঠাৎ ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, ভবনটি ধসে পড়ার সময় সেখানে প্রায় ৫০ জন শিক্ষার্থী ছিলেন। রোববার ছুটির দিন হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী নিজ নিজ কক্ষে অবস্থান করছিলেন বলে জানান তিনি।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী বার্তা সংস্থা এএনআইকে জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার ও কান্নার শব্দ শুনতে পেয়েছেন। এতে ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ জীবিত অবস্থায় আটকা পড়ে থাকতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে ভবন ধসের ভয়াবহ চিত্র দেখা গেছে। একটি ভিডিওতে এক ব্যক্তিকে কংক্রিটের স্ল্যাবের নিচে আটকা পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধারে স্থানীয়রা স্ল্যাবটি সরানোর চেষ্টা করছিলেন।

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট মোতায়েন করা হয়েছে। ধসে পড়া ভবনের বড় বড় কংক্রিটের স্ল্যাব ও লোহার বিম সরাতে ঘটনাস্থলে এক্সকাভেটরও আনা হয়েছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি ডিজাস্টার রেসপন্স ফোর্সের বিশেষ দলও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

সত্য নিকেতন এলাকাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছাকাছি হওয়ায় সেখানে বিপুলসংখ্যক শিক্ষার্থীর বসবাস রয়েছে। এ কারণে ভবন ধসের ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এখন পর্যন্ত ভবন ধসের কারণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -