BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নয়াদিল্লির প্রেস ক্লাবে মোদির প্রতিকৃতিতে পূজা, মুহূর্তেই বন্ধ করল কর্তৃপক্ষ!

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি সামনে রেখে পূজার আয়োজনকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের কয়েকজন সদস্য বৃহস্পতিবার (২০ আগস্ট) এ আয়োজন করেন। তবে সংবাদ সম্মেলনের কথা বলে হল ভাড়া নিয়ে সেখানে পূজার আয়োজন করায় অনুষ্ঠানটি শুরু হওয়ার পরপরই বন্ধ করে দেয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে মোদির ছবি সংবলিত একটি কার্ডবোর্ড সামনে রেখে ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগান দেওয়া হয়। এ সময় তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং ও মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজসহ কয়েকজন উপস্থিত ছিলেন।

আয়োজকেরা কর্মসূচিটির নাম দেন ‘শ্রী মোদি চালিশা’। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে এ নামকরণ করা হয়েছে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরা। যে এলাকায় মন্দির নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, সেখানে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবেই প্রেস ক্লাবে এই আয়োজন করা হয়।

এদিকে, প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পূজা করার জন্য তাদের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। আয়োজকেরা সংবাদ সম্মেলন করার কথা বলে হলটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলনের পরিবর্তে সেখানে পূজার আয়োজন শুরু করেন তারা।

বিষয়টি জানতে পেরে দ্রুত হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, সংবাদ সম্মেলনের জন্য ভাড়া নেওয়া স্থানটিতে এ ধরনের আয়োজন করা হল ভাড়ার চুক্তির শর্তের সরাসরি লঙ্ঘন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানায়, তাদের প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানের সঙ্গে কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা ছিল না। সংবাদ সম্মেলনের শর্ত ভঙ্গের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »