BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, ভাইরাল ভিডিও!

পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ভয়াবহ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দ্রুতগতিতে একটি বাসকে পাশ কাটানোর চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দেয় বাসটি। পরে বাসটি পিছনের দিকে গড়িয়ে গিয়ে উল্টে যায়। এ ঘটনায় শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মাগুরা থেকে ঢাকাগামী ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’ বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছায়। এ সময় অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর বাসের ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতদের মধ্যে আটজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—গুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের সাত বছর বয়সী ফাতেমা, শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩)।

দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সামনে থাকা একটি বাসকে দ্রুতগতিতে পাশ কাটানোর চেষ্টা করে দুর্ঘটনাকবলিত বাসটি। একপর্যায়ে বাসটি স্লিপ করে সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার পর বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণহীনভাবে পেছনের দিকে চলতে থাকে। কিছুদূর যাওয়ার পর বাসটি উল্টে যায়। পুরো ঘটনাটি দেখে অনেকেই বাসটিকে যেন ‘রোলার কোস্টারের’ মতো নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেখেছেন বলে মন্তব্য করছেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনায় আহতদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, দুর্ঘটনার পর সেতু কর্তৃপক্ষের নিরাপত্তা টহলগাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সিসিটিভি ফুটেজে বাসটিকে অতিরিক্ত গতিতে চলতে দেখা গেছে। একই সঙ্গে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় বাসটি স্লিপ করে থাকতে পারে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় পদ্মা সেতুর রেলিংয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো সংস্কারের কাজ চলছে।

দুর্ঘটনার পর আবারও পদ্মা সেতুতে অতিরিক্ত গতি ও বৃষ্টির সময় যানবাহন চালানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতার বিষয়টি সামনে এসেছে। বিশেষ করে দ্রুতগতিতে অন্য যানবাহনকে পাশ কাটানোর সময় সামান্য অসতর্কতাও যে ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে, এই ঘটনাটি তারই একটি উদাহরণ।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »