বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে পরিবেশবাদী সংগঠন ‘তরী বাংলাদেশ’ এর উদ্যোগে একটি ব্যতিক্রমী বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের নিয়মিত অ্যাসেম্বলির সময় ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। বৃক্ষরোপণ, বৃক্ষ সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষার বার্তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
তরী বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার আহ্বায়ক সাদেকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান তরী বাংলাদেশের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু চারা রোপণ করলেই নিজেদের দায়িত্ব শেষ হয় না, বরং একটি চারাগাছকে নিয়মিত যত্নে বড় করে তোলাই হলো প্রকৃত পরিবেশ-দায়িত্ব। শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের এই উদ্যোগ তাদের মধ্যে পরিবেশ সংরক্ষণের মানসিকতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে প্রাপ্ত চারাগুলো নিজ নিজ বাড়ির উপযুক্ত স্থানে রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বেড়ে ওঠার সুযোগ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি পরিবেশ সংরক্ষণকে ব্যক্তিগত দায়িত্বের গণ্ডি পেরিয়ে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। তিনি বলেন, “পরিবেশ রক্ষার লড়াই কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সংগঠনের পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ। আর সেই অংশগ্রহণের সবচেয়ে কার্যকর ও উপযোগী ক্ষেত্র হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তরী বাংলাদেশের আহ্বায়ক সদস্য খালেদা মুন্নি, সুশান্ত পাল এবং বিজয়নগর উপজেলা শাখার সদস্য সচিব হোসাইন আলমগীর। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং তরী বাংলাদেশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
