দেশের বর্তমান জ্বালানিসংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের নীতিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগের সরকারের সময়ে রাষ্ট্রীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) কার্যত দুর্বল করে রাখা হয়েছিল। ফলে দেশে পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান না হওয়া এবং আমদানিনির্ভরতা বাড়ার কারণে বর্তমান জ্বালানিসংকট তৈরি হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান জ্বালানিসংকট থেকে দেশকে বের করে আনতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১০টি নতুন কূপ খনন এবং ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ৩০টি কূপের কাজ সম্পন্ন হয়েছে।
এসব কূপের মাধ্যমে জাতীয় গ্যাস গ্রিডে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন (এমএমএসসিএফডি) যুক্ত হয়েছে বলে জানান তিনি। বর্তমানে খননাধীন আরও সাতটি কূপের কাজ শেষ হলে জাতীয় গ্রিডে অতিরিক্ত প্রায় ৮৫ এমএমএসসিএফডি গ্যাস যুক্ত হবে। অবশিষ্ট কূপগুলো খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বাপেক্সকে আরও শক্তিশালী করার উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়াতে আরও দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। দেশীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়াতে বাপেক্সের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া দেশে গ্যাসের নতুন উৎস অনুসন্ধানে বড় পরিসরে সাইসমিক জরিপ পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, ৫ হাজার ৬০০ লাইন কিলোমিটার ২ডি সাইসমিক সার্ভে এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকায় ৩ডি সাইসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
অফশোর এলাকায় গ্যাস অনুসন্ধানের উদ্যোগের কথাও সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অফশোর মডেল পিএসসি-২০২৬ অনুমোদনের পর বিড রাউন্ড আহ্বান করা হয়েছে। পাশাপাশি অনশোর মডেল পিএসসি অনুমোদনের প্রক্রিয়াও চলছে।
প্রধানমন্ত্রী বলেন, অফশোর ও অনশোর—উভয় এলাকায় গ্যাস অনুসন্ধানের মাধ্যমে নতুন মজুত পাওয়া গেলে তা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের এসব উদ্যোগের মাধ্যমে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানিনির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান তিনি।
