চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে মো. জাহেদ হোসেন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত। পুলিশের প্রাথমিক ধারণা, শিশু দুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আর জাহেদের মৃত্যু আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জাহেদের স্ত্রী আফিয়া বেগম পরিবারের সদস্যদের সঙ্গে মসজিদে মানত পূরণ করতে যান। দুই শিশুকে রেখে যাওয়ার আগে তাদের খাবারের দুধ তৈরি করে দেন। পরে বিকেলে বাড়িতে ফিরে স্বামী ও সন্তানদের কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে মরদেহ দেখতে পান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। ফায়ার সার্ভিস জানায়, জাহেদের কক্ষের দরজা ভেতর থেকে আটকানো ছিল। পাশের বেড়া কেটে ভেতরে প্রবেশ করতে হয়।
বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। চিরকুটের বিষয়বস্তুও যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
