BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান!

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত ২০২৭ সালের ‘দ্য মুসলিম ৫০০’ শীর্ষক বার্ষিক তালিকায় প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। নতুন সরকারের প্রধান হিসেবে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে স্থান দেওয়া হয়েছে।

জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রতিবছর বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে এ তালিকা প্রকাশ করে। ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ নামের এই প্রকাশনার ২০২৭ সালের সংস্করণটি ১৮তম বার্ষিক আয়োজন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, চিন্তাবিদ, সমাজসেবক ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী মুসলিম ব্যক্তিত্বদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত তালিকায় তারেক রহমানকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান। নতুন সরকারের নেতৃত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে তাঁর গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি হয়েছে।

তালিকায় তারেক রহমানের রাজনৈতিক জীবনের সাম্প্রতিক ঘটনাপ্রবাহও তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসেন তিনি। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়।

পরবর্তী সময়ে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্থলাভিষিক্ত হন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ায় ড. মুহাম্মদ ইউনূস এবার তালিকা থেকে বাদ পড়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ‘দ্য মুসলিম ৫০০’ বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত একটি বার্ষিক সংকলন। এতে বিভিন্ন ক্ষেত্রে মুসলিম ব্যক্তিত্বদের প্রভাব, নেতৃত্ব ও অবদানের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। ২০২৭ সালের সংস্করণে তারেক রহমানের অন্তর্ভুক্তি বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের আন্তর্জাতিক পরিচিতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সংযোজন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -