মোঃ জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় মাদরাসার হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাদরাসার সুপার মাওলানা মো. জাহিদুল হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, শৈশব, নবুয়ত লাভ, মানবতার কল্যাণে তাঁর অবদান, আদর্শ জীবন ও শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা আবৃত্তি, মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
আলোচনা সভায় বক্তব্য দেন মাদরাসার সিনিয়র শিক্ষক শরীফ মো. মনিরুল ইসলাম, সিনিয়র মৌলভী মাওলানা মো. জাকির হোসাইন, সহকারী সিনিয়র শিক্ষক মো. নাসির উদ্দীন ও সহকারী শিক্ষক মো. আইয়ুব আলীসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর সততা, ন্যায়পরায়ণতা, মানবিকতা, ক্ষমাশীলতা, সহমর্মিতা ও শান্তির শিক্ষা অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা প্রতিষ্ঠা করা সম্ভব। নতুন প্রজন্মকে মহানবী (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জানানো এবং তাঁর সুন্নাহ অনুসরণে উৎসাহিত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদরাসার ক্বারী মো. রফিকুল ইসলাম।
