BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ভূমি অফিসে হঠাৎ প্রতিমন্ত্রীর অভিযান, আগাম হাজিরা দেখে ক্ষুব্ধ!

অফিসে উপস্থিত নেই কর্মকর্তা-কর্মচারীরা, অথচ হাজিরা খাতায় আগেই দেওয়া হয়েছে তাদের স্বাক্ষর। নারায়ণগঞ্জের ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি জানিয়েছেন, এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ৩১ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় তিনটি সার্কেলের ভূমি কমিশনারের কার্যালয় আকস্মিক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী।

পরিদর্শনের সময় দুটি সার্কেল অফিসে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান তিনি। তবে তাদের অনেকের নামের পাশে হাজিরা খাতায় আগে থেকেই স্বাক্ষর করা ছিল। বিষয়টি নজরে আসার পরই ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী অফিসগুলোর কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী এবং ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। অফিসের সার্বিক কার্যক্রম, সময়ানুবর্তিতা ও জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

আগাম হাজিরা দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এ ধরনের অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সকাল পৌনে ৯টায় অফিসে যান। অথচ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা যদি সময়মতো অফিসে উপস্থিত না হন, তাহলে জনগণকে যথাযথ সেবা দেওয়া সম্ভব নয়। সরকারি দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

পরিদর্শনের সময় ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, অফিসের অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না; সরকারি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।

জনগণ যেন সরকারি দপ্তরে এসে হয়রানির শিকার না হন এবং যথাযথ সেবা পান, তা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সময়ানুবর্তিতার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -