BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ভোট বানচালের ‘সর্বশক্তি প্রয়োগের’ আশঙ্কা সিইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি পক্ষ ‘সর্বশক্তি প্রয়োগ’ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার নির্বাচন ভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক সংলাপে তিনি এই আশঙ্কার কথা জানান। সংলাপে শিক্ষাবিদরা নির্বাচনকালীন স্বচ্ছতা, গণমাধ্যমের ভূমিকা, প্রযুক্তির ব্যবহার এবং রাজনৈতিক শিষ্টাচার নিয়ে বিভিন্ন পরামর্শ দেন।

সিইসি বলেন, “যারা নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়া নস্যাৎ করতে চায়, তারা সর্বশক্তি প্রয়োগ করবে।” তবে কারা এই চেষ্টা চালাতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

প্রযুক্তিগত ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আমাদের প্রযুক্তি ব্যর্থ হতে পারে, সাইবার হামলা হতে পারে। নির্বাচনের দিন যদি পোস্টাল ব্যালটের সিস্টেম হ্যাক হয়ে যায়, তাহলে কী হবে? যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভই নিরাপদ নয়, সেখানে আমার পোস্টাল ব্যালট কতটুকু নিরাপদ?” তিনি জানান, সাইবার হামলা মোকাবিলায় বিকল্প ব্যবস্থা রাখার আশ্বাস পাওয়া গেছে।

সংলাপে অংশ নিয়ে শিক্ষকরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যম ও সিসিটিভির মতো নজরদারি বাড়াতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ মনে করেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতির জন্য বাংলাদেশ এখনও প্রস্তুত নয় এবং এটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিয়ারা নাসরীন রাজনৈতিক দলগুলোর জন্য একটি আচরণবিধি তৈরির ওপর জোর দেন, যাতে ঘৃণাসূচক বক্তব্য পরিহার করে পারস্পরিক সম্মান বজায় রাখা হয়। ঢাবি উপাচার্য আইটি অবকাঠামোর দুর্বলতার কারণে বারবার প্রযুক্তি পরীক্ষার পরামর্শ দেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নির্বাচনের দিনক্ষণ নিয়ে দেশে-বিদেশে যে ধোঁয়াশা আছে, তা দ্রুত ঘোষণা করা উচিত। অধ্যাপক গীতিয়ারা নাসরীন বলেন, গণমাধ্যম যেন বিশ্বাসযোগ্য খবর পরিবেশন করে, সেজন্য সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে একটি নীতিমালা তৈরি করা যেতে পারে।

অনুষ্ঠানে সিইসি শিক্ষকদের পরামর্শগুলোকে স্বাগত জানান এবং আগামী দিনেও তাদের সহযোগিতা কামনা করেন। সংলাপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জ্যেষ্ঠ শিক্ষকরা বক্তব্য রাখেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »