চট্টগ্রামে মাদক সেবনের টাকা জোগাড় করতে ২০ মাস বয়সী নিজের মেয়েকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। মায়ের ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। পরে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতেই পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম উল্লাহ জানান, সীমা (২৬) নামের এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, তার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) তাদের ২০ মাস বয়সী মেয়েকে বিক্রির উদ্দেশ্যে জোর করে বাসা থেকে নিয়ে গেছেন। তার স্বামী মাদকাসক্ত বলেও অভিযোগ করেন তিনি।
পুলিশ জানায়, সীমা ও লোকমান সদরঘাট থানার পানির ট্যাংকি এলাকার বাচ্চু মিয়ার বাসায় থাকেন। শনিবার রাতে লোকমান তাদের মেয়ে ফাতেমা আক্তারকে মাদক সেবনের টাকা জোগাড় করতে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হয়েছেন বলে অভিযোগ করেন তার স্ত্রী।
অভিযোগ পাওয়ার পরপরই শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে নিরাপদে তার মা সীমার কাছে বুঝিয়ে দেওয়া হয়।
ওসি মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, অভিযুক্ত সাগর তার এক খালাতো ভাইকে নিজের সন্তানকে বিক্রি করে দেওয়ার কথা জানিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে ওই আত্মীয় কৌশলে সাগরের কাছ থেকে শিশুটিকে নিয়ে নিজের হেফাজতে রাখেন। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, সন্তান উদ্ধারের পর সীমা আক্তার তার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা করেননি। তবে শিশুটিকে উদ্ধারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।
