মাকসুদ আহমেদ বায়েজীদ, মির্জাগঞ্জ, প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি পুরোনো ও ভুয়া মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে এলাকায় অরাজকতা ও বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালানো হচ্ছে। ৫১ সেকেন্ডের ওই ভিডিওটি ঘিরে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের যাচাই-বাছাইয়ে এটি যে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা, তা স্পষ্ট হয়ে উঠেছে।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে রাতের আঁধারে কয়েকজন যুবককে হাতে জ্বলন্ত মশাল নিয়ে স্লোগান দিতে দেখা যায়। ভিডিওর উপরের ডান কোণে ‘মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ’ লেখা যুক্ত করা হয়েছে এবং একদম শেষে একটি ভিডিও এডিটিং অ্যাপের (ক্যাপকাটা) লোগো দেখা গেছে। মূলত পুরোনো বা অন্য জায়গার ফুটেজ এডিট করে সাম্প্রতিক মিছিল হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
স্থানীয়দের মতে, মাঠে কোনো অবস্থান না থাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও ও প্রোপাগান্ডা ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি এবং এলাকায় অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।
এ বিষয়ে পুলিশ ভিডিওটির সাম্প্রতিক সত্যতা নাকচ করে দেন। দাবি করেন এই ভিডিওটি অনেক পুরোনো। তথ্যপ্রযুক্তির সহায়তায় যাচাই করে দেখা গেছে, অভিযুক্তদের মধ্যে রাকিবের বর্তমান অবস্থান মাদারীপুরে এবং শাওনের অবস্থান ঢাকার জিগাতলায়। ফলে মির্জাগঞ্জে সম্প্রতি এমন কোনো মিছিলের প্রশ্নই ওঠে না।
অন্যদিকে এটিকে নিষিদ্ধ ছাত্রলীগের পরিকল্পিত গুজব ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা এডিটিংয়ের মাধ্যমে তৈরি করা একটি ‘ফেইক ভিডিও’। স্থানীয় নেতাকর্মীরা জানান, ভিডিওতে যে রাস্তা ও মাটি দেখা যাচ্ছে, মির্জাগঞ্জ উপজেলায় এ ধরনের কোনো রাস্তা নেই। ভিডিওর দৃশ্যে লাল মাটি দেখা যাচ্ছে; অথচ মির্জাগঞ্জ তথা বৃহত্তর বরিশাল অঞ্চলের মাটি লাল নয়, বরং বালু ও পলিমাটি।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তৌহিদুজ্জামান জানান, গুজব ও অপপ্রচার ছড়িয়ে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এই অপপ্রচারের নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।
