BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

যুক্তরাষ্ট্রের অভিবাসনে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের প্রাক্কালে ডনাল্ড ট্রাম্প অভিবাসনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান এরিনায় এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সমর্থকদের সামনে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, “আগামীকাল সূর্যাস্তের সময় আমাদের দেশের আক্রমণ থেমে যাবে।” তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেন।

সমাবেশে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী বিতারণ প্রচেষ্টা শুরু করার ঘোষণা দেন। রয়টার্স জানিয়েছে, এ উদ্যোগে যুক্তরাষ্ট্র থেকে লাখ লাখ অভিবাসীকে তাড়ানো হতে পারে। তবে এটি অত্যন্ত ব্যয়বহুল এবং কার্যকর করতে কয়েক বছর লেগে যেতে পারে।

২০২১ সালের ৬ জানুয়ারির পর এই প্রথম ওয়াশিংটন ডিসিতে বড় কোনো রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখলেন ট্রাম্প। সমর্থকদের উজ্জীবিত করতে তিনি তার রাজনৈতিক আন্দোলনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সর্বশ্রেষ্ঠ’ বলে দাবি করেন। তিনি বলেন, “আগামীকাল থেকে প্রবল গতিতে কাজ শুরু করবো এবং দেশের প্রত্যেকটি সমস্যার সমাধান করবো।”

৬ জানুয়ারির ক্যাপিটল হামলার সঙ্গে জড়িতদের ব্যাপারে তিনি জানান, অভিযুক্তদের অনেককেই ক্ষমা করে দেবেন।

নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্প বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন। এর মধ্যে রয়েছে গ্রিনল্যান্ড ও পানামা খাল অধিগ্রহণ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করার প্রস্তাব। এসব মন্তব্যে মিত্র বিদেশি রাষ্ট্রগুলো বিভ্রান্ত হয়েছে বলে জানা গেছে।

সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাইডেন প্রশাসনের ‘প্রত্যেকটি মৌলবাদি ও নির্বোধ নির্বাহী আদেশ’ বাতিলের ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে জ্ঞাত একজন কর্মকর্তা জানিয়েছেন, শপথের দিন তিনি ২০০টিরও বেশি নির্বাহী পদক্ষেপ গ্রহণ করবেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »