BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

রাতভর রাশিয়ায় ৬২০টির বেশি ড্রোন হামলা ইউক্রেনের!

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে বড় ধরনের পাল্টাপাল্টি ড্রোন হামলা হয়েছে। রাতভর রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৬২০টিরও বেশি ড্রোন ছুড়েছে ইউক্রেন, যা গত কয়েক বছরের মধ্যে মস্কোর ওপর অন্যতম বড় ড্রোন হামলা হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ হামলায় ১০ জন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত রাজধানী মস্কোর দিকে আসা ১৮০টি ড্রোন রুশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। পরে মস্কোগামী আরও ১৭টি ড্রোন ভূপাতিত করা হয়।

রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এই হামলাকে গত দুই বছরের মধ্যে মস্কোর ওপর সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে বর্ণনা করেছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানান, ড্রোন হামলায় ১০ বছরের এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। পাভলভস্কি পোসাদ এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। বোগোরোদস্কি এলাকায় কয়েকটি বাড়ি ও একটি গেস্টহাউস ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের দাবি, প্রতিষ্ঠানটি রুশ ড্রোন তৈরির যন্ত্রাংশ সরবরাহ করে।

অন্যদিকে, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর দেশটির দিকে আসা ১৪৭টি রুশ ড্রোনের মধ্যে ১১১টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবোভ জানান, পেচেনিহি বসতিতে রুশ হামলায় প্রাথমিকভাবে ১০ জন নিহত ও আটজন আহত হয়েছেন। এছাড়া ইজিয়াম শহরে ৯ বছরের এক শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

কিয়েভ অঞ্চলের ব্রোভারিতে রুশ ড্রোন হামলায় বিভিন্ন ভবন, দপ্তর ও গুদামে আগুন লাগে বলে জানিয়েছেন শহরটির মেয়র ইহোর সাপোঝকো।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, যুদ্ধের ফ্রন্টলাইনে অগ্রগতি অনেকটা স্থবির হয়ে পড়ায় রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই দূরপাল্লার হামলা বাড়িয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যাও বেড়েছে।

জাতিসংঘের হিসাবে, গত জুলাইয়ে ইউক্রেনে ৪৩৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যা ২০২২ সালের মে মাসের পর সর্বোচ্চ মাসিক সংখ্যা। অন্যদিকে, রাশিয়াও জানিয়েছে, জুলাইয়ে ইউক্রেনীয় হামলায় দেশটিতে ৭৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »