দুর্নীতির মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। দুদকের দাবি, তদন্তের স্বার্থে ইমা ক্লেয়ার দেশত্যাগ করলে মামলার গুরুত্বপূর্ণ নথি সংগ্রহে সমস্যা তৈরি হতে পারে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আদালতে ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।
আবেদনে বলা হয়, নির্ধারিত সময় পার হওয়ার পরও নির্ধারিত ছকে সম্পদের বিবরণী কমিশনে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে ইমা ক্লেয়ারের বিরুদ্ধে। দুদকের অভিযোগ, তিনি অসৎ উদ্দেশ্যে সম্পদের বিবরণী জমা দেননি।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং ওই অবৈধ সম্পদ নিজের দখলে রাখার অভিযোগও আনা হয়েছে। এসব অভিযোগে গত বছরের ৪ জুন তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।
তদন্তের সময় বিশ্বস্ত সূত্রে ইমা ক্লেয়ার গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন বলে তথ্য পাওয়ার দাবি করে দুদক। আবেদনে বলা হয়, তিনি দেশত্যাগ করে বিদেশে চলে গেলে মামলার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে ব্যাঘাত ঘটতে পারে। একই সঙ্গে মামলার তদন্ত বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
এসব কারণ দেখিয়ে তদন্তের স্বার্থে ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।
এর আগে ২০২৪ সালের ২৯ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।
