পশ্চিমবঙ্গের তিস্তা নদীর তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল একটি হাতিশাবক। প্রাণের ঝুঁকি নিয়ে প্রায় ৩ কিলোমিটার নৌকায় ধাওয়া করে শেষ পর্যন্ত শাবকটিকে উদ্ধার করেছেন দুই জেলে। পরে বন বিভাগের সহায়তায় তাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, মালবাজার মহকুমার তিস্তা নদীর ১২ নম্বর স্পার সংলগ্ন এলাকায় মাছ ধরছিলেন দুই জেলে। এ সময় তারা দেখতে পান, একটি হাতির ছানা পানির প্রবল স্রোতে ভেসে যাচ্ছে। বিষয়টি দেখে নিজেদের নিরাপত্তার কথা না ভেবে তারা দ্রুত নৌকাটি হাতিশাবকটির দিকে ঘুরিয়ে দেন।

তীব্র স্রোতের মধ্যেই প্রায় ৩ কিলোমিটার পথ অনুসরণ করে তারা শাবকটির কাছে পৌঁছান। পরে সেটিকে পানি থেকে তুলে নৌকায় নিয়ে নিরাপদে তীরে পৌঁছে দেন।
তীরে পৌঁছানোর পর জেলেরা দ্রুত স্থানীয় বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাতিশাবকটিকে উদ্ধার করে এবং তাকে মায়ের কাছে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
সূত্র: এনডিটিভি
