রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, ভোট গণনা শেষে জাতীয় সংসদেই তার নাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোট দেওয়া এবং ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন সিইসি।
সিইসি বলেন, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের উদ্দেশে সিইসি বলেন, ব্যালটের মুড়িতে প্রার্থীর নাম উল্লেখ থাকবে। ভোটারকে নিজের পূর্ণ নাম লিখে ব্যালট গ্রহণ করতে হবে। ব্যালট হাতে পাওয়ার পর সেখানে নিজের নাম এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম সঠিকভাবে রয়েছে কি না, তা দেখে নিতে হবে।
তিনি আরও জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ব্যালট গণনা করা হবে। ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। গণনা শেষে যে প্রার্থী সর্বাধিক বৈধ ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে।
রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করে সিইসি বলেন, ‘আসুন নির্বাচন প্রক্রিয়া সফল করি।’
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
